খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে ভয়াবহ
গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার
(৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত
করে জানান, দুপুরে মধুমঙ্গলপাড়া এলাকায় বিবাদমান দুই পক্ষের মধ্যে হঠাৎ গোলাগুলি
শুরু হয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। তবে এলাকাটি দুর্গম হওয়ায় এবং
পরিস্থিতি বিবেচনা করে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, খবর পাওয়ার পর পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাশ
উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পুরো ঘটনার বিস্তারিত জানতে এবং
অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে সক্রিয় আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের
বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কোনো
সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকায় থমথমে
পরিস্থিতি বিরাজ করছে।





