ভারতের আবারও করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র
প্রদেশের ওয়াইএসআর কাদাপা জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি আরও ৮ জন সক্রিয় করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও
কাশিতে আক্রান্ত হওয়ার পর করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন। পরে ভেলোরের
ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়াও কাদাপার ৪৩ বছর বয়সি এক ব্যক্তি শারীরিক জটিলতা নিয়ে সরকারি জেনারেল
হাসপাতালে ভর্তি হন। সেখানে তার করোনা শনাক্ত হয়। পরে হাসপাতালের করোনা নিবিড়
পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীর শরীরেও করোনা
শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এনডিটিভি বলছে, নতুন সংক্রমণের পর স্বাস্থ্য বিভাগ রাজ্যটির ওই জেলায় বিশেষ টিম
মোতায়েন করেছে। আক্রান্ত এলাকাগুলো থেকে প্রায় ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর
মধ্যে ১৮টি নমুনার ফল নেগেটিভ এসেছে। বাকি পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
জেলা পরিষদের এক বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্তমানে জেলায় আটজন সক্রিয়
করোনা রোগী রয়েছে। ভাইরাসের ধরন শনাক্ত এবং সংক্রমণের ধরন বোঝার জন্য নমুনা পুনের
একটি পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।





