বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬, ২৪শে বৈশাখ, ১৪৩৩

বিএসইসির পূর্বানুমতি ছাড়াই স্টক লভ্যাংশ দিতে পারবে উত্তরা ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংক পিএলসির জন্য বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ

ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)

পূর্বানুমতি নেওয়ার দীর্ঘদিনের বাধ্যবাধকতা আর থাকছে না। ব্যাংকের পরিচালনা পর্ষদে

সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের আইনি শর্ত পূরণ হওয়ার ফলে ব্যাংকটি এখন

থেকে এই সুবিধা ভোগ করবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক প্রতিবেদনের

মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

উত্তরা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত পর্ষদ সভায় আসিফ রহমানকে

শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে ব্যাংকের ২

দশমিক ৪২ শতাংশ শেয়ারের মালিক। তাঁর এই অন্তর্ভুক্তির ফলে ব্যাংকের পরিচালনা

পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণের হার ৩০ দশমিক ৫৩১ শতাংশে উন্নীত হয়েছে, যা নিয়ন্ত্রক

সংস্থার নির্ধারিত সীমার ওপরে। ইতিপূর্বে এই পদে শূন্যতা থাকায় শেয়ার ধারণের হার ৩০

শতাংশের নিচে নেমে গিয়েছিল, ফলে স্টক লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে ব্যাংকটিকে

বিএসইসির আগাম অনুমোদনের জন্য অপেক্ষায় থাকতে হতো।

পরিচালনা পর্ষদের এই শর্ত পূরণের পর ব্যাংকটি ২০২৫ সালের জন্য বড় অংকের স্টক

লভ্যাংশের সুপারিশ করেছে। বিএসইসির নতুন নিয়ম অনুযায়ী, ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত

পূরণ হওয়া কোম্পানিগুলো এখন থেকে বিএসইসির আগাম অনুমতি ছাড়াই বোনাস শেয়ার ঘোষণা

করতে পারবে। তবে শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় সম্মতির পর লভ্যাংশ বিতরণের জন্য

বিএসইসির চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে।

উল্লেখ্য যে, ২০২৫ সালের জন্য উত্তরা ব্যাংক ৫ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ২৫

শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। আসিফ রহমানের মালিকানাধীন শেয়ারগুলো

বর্তমানে সিডিবিএল-এর ব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে। এর ফলে ব্যাংকের প্রশাসনিক ও

আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন