বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬, ২৪শে বৈশাখ, ১৪৩৩

আরো ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে এবং রিজার্ভের শক্তিশালী অবস্থান ধরে রাখতে

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার ক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ

ব্যাংক। এই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার তিনটি ব্যাংক থেকে ৫ কোটি মার্কিন ডলার

কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের কাট-অফ দর ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এ

পর্যন্ত মোট ৫ দশমিক ৭৫ বিলিয়ন বা ৫ হাজার ৭৫৩ কোটি ৫০ লাখ ডলার ক্রয় করা হয়েছে।

নিয়মিত এই ক্রয়ের ফলে দেশের বৈদেশিক মুদ্রার মজুত একটি সন্তোষজনক অবস্থানে রয়েছে।

গতকালকের হিসাব অনুযায়ী, গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩০

বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুসরণ করলে

এই রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

অন্যদিকে, প্রবাসীদের পাঠানো আয়ের বা রেমিট্যান্সের উচ্চপ্রবাহও বৈদেশিক মুদ্রার

বাজারে স্বস্তি ফিরিয়ে এনেছে। চলতি মাসের প্রথম চার দিনে ৪৫৬ মিলিয়ন ডলার

রেমিট্যান্স দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের ৩১২ মিলিয়ন ডলারের তুলনায় ৪৬ দশমিক

৩ শতাংশ বেশি।

পোস্টটি শেয়ার করুন