পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন
দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের
বেতন ও বোনাস পরিশোধ এবং জাতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে
শিল্পাঞ্চল ও বন্দর সংশ্লিষ্ট এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম
চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে
এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, সাভার,
গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের পোশাক শিল্প ঘন এলাকায় অবস্থিত
বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো ২৫ ও ২৬ মে খোলা রাখতে হবে। এসব শাখায়
দাপ্তরিক সময়সীমা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত থাকলেও গ্রাহক
পর্যায়ে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এর মাধ্যমে ঈদের আগে
শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির আগে ২৩ মে শনিবার ও ২৪
মে রোববার তফসিলি ব্যাংকের সকল শাখা ও উপ-শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী দাপ্তরিক
ও লেনদেন কার্যক্রম চলবে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিয়মিত সাধারণ ছুটি থাকলেও
সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি সচল
রাখতে ঈদের দিন ব্যতীত সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এই বিশেষ
ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ভাতা
প্রাপ্ত হবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।





