শনিবার, ২৩শে মে, ২০২৬, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গঙ্গাচড়ায় খাল পুনঃখনন শুরু, বাড়বে কৃষি ও পানি নিষ্কাশন সুবিধা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির

লক্ষ্যে দুটি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে

উপজেলার লক্ষীটারী ইউনিয়নের চর ইশরকুল খাল এবং বড়বিল ইউনিয়নের পুকুরখুড়ি খালের

পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রধান অতিথি

হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা,

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, গঙ্গাচড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

(পিআইও), গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), লক্ষীটারী ইউনিয়ন পরিষদের

চেয়ারম্যান, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি,

সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে লক্ষীটারী

ইউনিয়নের জয়রামওঝা মৌজার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে চর ইশরকুল খালের ২ হাজার ৫০০ মিটার

অংশ পুনঃখনন করা হবে। প্রকল্পটিতে ১৪৯ জন উপকারভোগী অন্তর্ভুক্ত রয়েছেন। এতে শ্রমিক

মজুরি বাবদ ৩১ লাখ ৯৭ হাজার ১৭৫ টাকা, ননওয়েজ কস্ট বাবদ ৩২ লাখ ৩৯ হাজার ৯৪৪ টাকা

এবং সর্দার মজুরি বাবদ ৪ হাজার ৩০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর মৌজার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে পুকুরখুড়ি খালের

২ হাজার ১৬০ মিটার অংশ পুনঃখনন করা হবে। এ প্রকল্পে ১২৮ জন উপকারভোগী রয়েছেন। এতে

শ্রমিক মজুরি বাবদ ২৭ লাখ ৬২ হাজার ৩৫৯ টাকা, ননওয়েজ কস্ট বাবদ ২৭ লাখ ৯৯ হাজার ৩১২

টাকা এবং সর্দার মজুরি বাবদ ৪ হাজার ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘প্রকল্পের প্রতিটি কাজ প্রশাসনের

তদারকিতে পরিচালিত হবে এবং স্থানীয় জনগণের সহযোগিতায় দ্রুত বাস্তবায়ন করা হবে।’

রংপুর জেলা প্রশাসক বলেন, ‘খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। প্রকল্প

বাস্তবায়নে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করা হবে।’

প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, ‘খাল

পুনঃখননের ফলে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। এতে কৃষকরা

আর্থিকভাবে লাভবান হবেন।’

স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানি

নিষ্কাশনে সমস্যা হতো। পুনঃখননের মাধ্যমে খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরে এলে কৃষি

ও মৎস্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

পোস্টটি শেয়ার করুন