, ,

হরমুজ প্রণালি দিয়ে ২৪ ঘণ্টায় পার হলো ৩৫টি তেলের ট্যাংকার ও কার্গো

বিশ্বের অন্যতম কৌশলগত ও গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ ঘণ্টায় মোট

৩৫টি তেলবাহী ও মালবাহী জাহাজ পারাপার হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক

রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম

আল-জাজিরা আইআরজিসি-র বিবৃতির বরাত দিয়ে এই তথ্যটি প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ

করা হয়েছে যে, আইআরজিসি নৌবাহিনীর সরাসরি ‘অনুমতি ও সমন্বয়ের মাধ্যমে’ এসব জাহাজ

তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই জলপথটি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ

জ্বালানি তেল বিশ্ববাজারে সরবরাহ করা হয়। আইআরজিসি জানিয়েছে, গত বুধবারও ৩১টি জাহাজ

তাঁদের তত্ত্বাবধানে এই প্রণালি অতিক্রম করেছিল। বর্তমানে ইরান এবং

যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে এই জলপথে জাহাজ চলাচলের এই পরিসংখ্যান

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তেহরান মূলত এই তথ্যের মাধ্যমে হরমুজ

প্রণালির ওপর তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের কথা বিশ্ববাসীকে স্মরণ করিয়ে

দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য যে, বিশ্ব অর্থনীতির প্রধান চালিকাশক্তি জ্বালানি তেলের একটি বড় অংশই এই

সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। কোনো কারণে এই পথ রুদ্ধ হলে বৈশ্বিক জ্বালানি

বাজারে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও

ইরানের অনুমতি নিয়ে নিয়মিত জাহাজ চলাচল অব্যাহত থাকার বিষয়টি সংশ্লিষ্ট

রাষ্ট্রগুলোর জন্য কিছুটা স্বস্তির হলেও নৌপথটির নিরঙ্কুশ সুরক্ষা নিয়ে উদ্বেগ

কাটছে না।

পোস্টটি শেয়ার করুন