মাগুরার চাঞ্চল্যকর ছিনতাই হওয়া ৬০ ব্যারেল ভোজ্য তেলবাহী ট্রাকের ড্রাইভার আব্দুর
রহমান হত্যার প্রধান আসামি হিটলারসহ ৪ জন গ্রেফতার। ছিনতাই হওয়া ট্রাক, তেল ও টাকা
উদ্ধার।
সোমবার (২৫ মে) বিকেলে মাগুরা এসপি অফিসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ মাগুরা পুলিশ
সুপার মোল্লা আজাদ হোসেন জানান, একটি কুলুলেস হত্যাকাণ্ড অভিযোগের মাত্র একদিনের
ব্যবধানে ২৪ মে মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে
প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃতরা হলো মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের কুদ্দুস মোল্লার পুত্র
আজাদ হোসেন হিটলার (২৭), জাগলা গ্রামের হাজারী লাল সাহার পুত্র বিকাশ সাহা (৩০),
রাজিবের পাড়া গ্রামের ইমারত মোল্লার পুত্র আব্দুল কুদ্দুস (৫০) ও বুধইর পাড়ার
লোকমান মোল্লার পুত্র হারুন অর রশিদ (৪৮)।
আসামিদের স্বীকারোক্তি মতে ছিনতাইকৃত ট্রাক, ভোজ্য তেল ৬০ ব্যারেলের মধ্যে ৪৫
ব্যারেল তেল, তিন লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা প্রাথমিক
জিজ্ঞাসাবাদে ড্রাইভার আব্দুর রহমান হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ১৮ মে নারায়ণগঞ্জ থেকে রাতে মাগুরা আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্স
এ ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ট্রাকটি রওনা হয়ে পথিমধ্যে ছিনতাই এর কবলে পড়ে।
ছিনতাইকারীরা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ড্রাইভার আব্দুর রহমানকে হত্যা করে বিভিন্ন
স্থানে তেল নামিয়ে খালি ট্রাক এবং তার মৃতদেহ ঝিনাইদহের কোলা বাজারের অদূরে ফেলে
রাখা যায়। ঝিনাইদহ পুলিশ ২০ মে অর্ধ গলিত লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা করেন।
গত ২৩ তারিখে মাগুরা পুলিশ সুপারের কাছে এই হত্যাকাণ্ডের বিষয়টি মহামায়া
ট্রেডার্স এর মালিক গোপাল সাহা অভিযোগ করেন।





