শুক্রবার, ৫ই জুন, ২০২৬, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বকেয়া পাওনার দাবিতে ব্রাদার্সের ম্যাচ বর্জন, অগ্রণী ব্যাংকের ওয়াকওভার

ঢাকা প্রিমিয়ার লিগের নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকাল সাড়ে নয়টায় ব্রাদার্স ইউনিয়ন

ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তা

অনুষ্ঠিত হয়নি। বিকেএসপিতে ম্যাচটি খেলার কথা থাকলেও ব্রাদার্সের ক্রিকেটাররা মাঠে

গিয়েও অংশ নিতে অস্বীকৃতি জানান। এর ফলে নিয়ম অনুযায়ী অগ্রণী ব্যাংককে ওয়াকওভার

প্রদান করা হয়েছে।

ক্রিকেটারদের অভিযোগ, চুক্তিকালীন প্রতিশ্রুতির বিপরীতে তাদের পারিশ্রমিকের বড় একটি

অংশ এখনও বকেয়া রয়েছে। একটি গণমাধ্যমকে দলটির একাধিক খেলোয়াড় জানিয়েছেন, এখন

পর্যন্ত তারা মোট পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশ অর্থ হাতে পেয়েছেন। পবিত্র ঈদুল

আজহার পূর্বেই ৫০ শতাংশ পাওনা পরিশোধের কথা থাকলেও ক্লাব কর্তৃপক্ষ তা বাস্তবায়নে

ব্যর্থ হয়েছে। গতকাল রাতে এ বিষয়ে ক্লাবকে চূড়ান্তভাবে অবহিত করা হলেও আজ ম্যাচের

আগে পাওনা না মেটানোয় ক্রিকেটাররা সম্মিলিতভাবে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত গ্রহণ

করেন।

মাঠের পরিস্থিতির বর্ণনা দিয়ে ম্যাচ রেফারি এনায়েত হোসেন চৌধুরী তামিম বলেন, ‘তারা

খেলোয়াড় তালিকাও দেয়নি, টসেও আসেনি। অগ্রণী ব্যাংকের অধিনায়ক ও আমি অপেক্ষা

করছিলাম। আমরা আধঘণ্টার মতো অপেক্ষা করেছি। পরে তাদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছিল,

কিন্তু তারা আসেনি।’

এদিকে সিসিডিএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাব বা ক্রিকেটারদের মধ্যকার

অভ্যন্তরীণ পারিশ্রমিক সংক্রান্ত এই জটিলতা নিয়ে আগেভাগে কোনো পক্ষই তাদের কিছু

জানায়নি। অন্যথায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারত। বিষয়টি পুরোপুরি ক্লাব ও

খেলোয়াড়দের ব্যক্তিগত চুক্তির বিষয় বলে তারা উল্লেখ করেছে। অন্যদিকে ব্রাদার্স

ইউনিয়নের ম্যানেজার আমেন খানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া

সম্ভব হয়নি। উল্লেখ্য যে, মাঠের খেলায়ও বেশ নাজুক অবস্থানে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন;

চলতি লিগে ৯ ম্যাচে মাত্র ১ জয় পাওয়ায় ঐতিহ্যবাহী এই ক্লাবটি এখন অবনমনের তীব্র

শঙ্কায় রয়েছে।

পোস্টটি শেয়ার করুন