রবিবার, ৭ই জুন, ২০২৬, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মৌলভীবাজারে তীব্র গরমে স্বস্তি দিচ্ছে কচি তালের শাঁস

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে পুড়ছে প্রকৃতি। ওপরে তপ্ত সূর্য, নিচে তপ্ত বাতাস—সব

মিলিয়ে হাঁসফাঁস জনজীবন। আর এই তীব্র গরমে মৌলভীবাজার জেলাজুড়ে তৃষ্ণার্ত মানুষের

কাছে অন্যতম প্রিয় অনুষঙ্গ হয়ে উঠেছে কচি তালের শাঁস। জেলা সদরসহ শ্রীমঙ্গল ও

কমলগঞ্জের বিভিন্ন হাট-বাজার, রাস্তার মোড় ও পর্যটন এলাকাগুলোতে এখন দারুণ কদর

বেড়েছে মৌসুমি এই ফলের। গরমে একটুখানি স্বস্তি ও তৃষ্ণা মেটাতে নানা শ্রেণিপেশার

মানুষ ভিড় করছেন তালশাঁসের অস্থায়ী দোকানগুলোতে। এতে করে গরমের তীব্রতায় যেমন

বেড়েছে এই ফলের চাহিদা, তেমনি বাড়তি আয়ের সুযোগ পেয়ে মুখে হাসি ফুটেছে স্থানীয়

ক্ষুদ্র ব্যবসায়ীদের।

সরেজমিনে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জেলা শহরের সিলেট রোড,

শ্রীমঙ্গলের কালিঘাট রোড এবং কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর

লেকসংলগ্ন এলাকাসহ বিভিন্ন জনাকীর্ণ স্থানে ভ্যানগাড়ি ও ফুটপাতে অস্থায়ী স্টল

সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে এই কচি তালশাঁস

বিক্রি। তীব্র গরমে ক্লান্ত পথচারী, রিকশাচালক থেকে শুরু করে অফিসগামী ও সাধারণ

মানুষ ক্ষণিকের স্বস্তির খোঁজে এখানে এসে ভিড় করছেন।

ব্যবসায়ীরা জানান, বৈশাখের মাঝামাঝি থেকে শুরু করে আষাঢ়ের প্রথম সপ্তাহ পর্যন্ত

প্রায় দুই মাস স্থায়ী হয় এই ব্যবসা। গ্রামাঞ্চল থেকে সরাসরি আস্ত তাল পাইকারি

দরে কিনে এনে শহরের বিভিন্ন পয়েন্টে কেটে কেটে বিক্রি করা হয়। একটি তালে সাধারণত

৩ থেকে ৪টি শাঁস পাওয়া যায়। স্থান ও আকারভেদে তালের শাঁসের দামে কিছুটা ভিন্নতা

দেখা গেছে; খুচরা মূল্যে প্রতি শাঁস ২০ থেকে ৪০ টাকা। আস্ত তাল ছোট হলে ৩০ টাকা এবং

বড় হলে ৫০ টাকা। বিক্রেতারা গ্রামের গৃহস্থদের কাছ থেকে আকার ও তালের সংখ্যাভেদে

একটি গাছের ফল ৮০০ থেকে ১,০০০ টাকায় কিনে থাকেন। পাইকারিতে প্রতি পিস তাল ১০ থেকে

২০ টাকায় কেনা পড়ে।

শ্রীমঙ্গল শহরের বিক্রেতা বাবুল মিয়া বলেন, ‘গরম বাড়ার পর থেকে বিক্রি অনেক

বাড়ছে।’ উকিলবাড়ি রোড এলাকার আরেক বিক্রেতা জমসেদ আলী জানান, প্রতিদিন তিনি ২০০

থেকে ২৫০টি তাল বিক্রি করছেন। অন্যদিকে, জেলা শহরের সেন্ট্রাল রোডের বিক্রেতা

আব্দুস সামাদ জানান, পাইকারি ও খুচরা মিলিয়ে প্রতিদিন তার ২ হাজার থেকে ৫ হাজার

টাকার তালশাঁস বিক্রি হচ্ছে।

কৃত্রিম বা রাসায়নিকযুক্ত পানীয়ের চেয়ে সম্পূর্ণ প্রাকৃতিক ও সতেজ এই ফলের প্রতি

মানুষের আগ্রহ এখন সবচেয়ে বেশি। মৌলভীবাজারে ঘুরতে আসা বিভিন্ন পর্যটকরা তালশাঁস

খেয়ে বলেন, ‘গরমের এই সময়টায় প্রায় প্রতিদিনই তালশাঁস খাই, পরিবারের জন্যও কিনে

নিয়ে যাই।

রিকশাচালক শহিদ মিয়া বলেন, ‘দুপুরের কড়া রোদে রিকশা চালাইয়া যখন জান যায় যায়

অবস্থা, তখন দুই-তিনটা তালের শাঁস খেলে শরীরটা অনেক ঠাণ্ডা হয়, কলিজা জুড়ায়।’

গৃহিণী নাজমিন আক্তার ও ব্যবসায়ীর শাহেদুল ইসলাম জানান, কৃত্রিম কোমল পানীয় থেকে

শিশুদের জন্য এই ফল অনেক নিরাপদ। এর ভেতরের মিষ্টি পানি ও নরম শাঁস শিশুদের শরীরকে

সতেজ ও ঠাণ্ডা রাখতে দারুণ কার্যকর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা গরমের এই সময়ে কৃত্রিম পানীয় বর্জন করে বেশি বেশি প্রাকৃতিক

ফল খাওয়ার পরামর্শ দিচ্ছেন। চিকিৎসকদের মতে, তালশাঁস কেবল তৃষ্ণাই মেটায় না, এটি

শরীরের জন্য অত্যন্ত উপকারী।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার সাজেদুল কবির বলেন, ‘তালের

শাঁসে প্রচুর জলীয় অংশ ও প্রয়োজনীয় খনিজ উপাদান রয়েছে, যা এই তীব্র গরমে শরীরের

পানিশূন্যতা দূর করতে মুখ্য ভূমিকা রাখে। এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন

সি, এ এবং বি-কমপ্লেক্স। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা

বাড়ায়, রক্তশূন্যতা কমায় এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।’

স্থানীয় বিক্রেতাদের প্রত্যাশা, গরমের এই তীব্রতা আরও কিছুদিন বজায় থাকলে আগামী

দিনগুলোতে তালশাঁসের চাহিদা ও বিক্রি আরও বাড়বে। জ্যৈষ্ঠের এই ফল একদিকে যেমন

সাধারণ মানুষের ক্লান্তি দূর করে তৃষ্ণা মেটাচ্ছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতি ও

ক্ষুদ্র ব্যবসায়ীদের উপার্জনে যোগ করেছে এক নতুন গতি।

পোস্টটি শেয়ার করুন