, ,

ফের উত্তপ্ত ভারতের মণিপুর, নিহত ৩

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে।

শুক্রবার (৫ জুন) রাজ্যটিতে নতুন করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত

হামলাকারীদের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া গ্রামের অসংখ্য ঘরবাড়ি

জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য

জানিয়েছে।

প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীরা বরাতে জানানো হয়, মণিপুরের কাংপোকপি বিভাগের নিউ

কেথিলেমানবির লোইবোল গ্রামে আজ ভোরে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়। ভোর ৪টা ১০ মিনিটের

দিকে ভারী অস্ত্র নিয়ে একদল হামলাকারী ওই গ্রামে প্রবেশ করে। তারা গ্রামে ঢুকেই

নির্বিচারে গুলি ছুড়তে শুরু করলে সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলাকারীরা শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা গ্রামের অনেক ঘরবাড়িতে

অগ্নিসংযোগ করে। আগুনে বেশ কিছু বাড়িঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

ভয়াবহ এই গোলাগুলি ও অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে সেখানে নিরাপত্তা

বাহিনীর সদস্যরা পৌঁছান। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা

শনাক্ত করা সম্ভব হয়নি। কে বা কারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে, তা উদ্‌ঘাটনে

ইতোমধ্যে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী

আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি।

স্থানীয় পুলিশ নিহত তিন ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন—লেটখোঙ্গাম

হাওকিপ, টিনমারী হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ। হামলার সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু

হয়।

এমন ভয়াবহ হামলার পর গ্রামবাসী প্রচণ্ড ভীত হয়ে পড়েছেন এবং রাজ্যের নিরাপত্তা

ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তা নিশ্চিতে গ্রামটিতে অতিরিক্ত নিরাপত্তা

বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে মণিপুরে শুরু হওয়া জাতিগত দ্বন্দ্বের রেশ এখনো কাটেনি।

মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হলেও আজকের এই ঘটনা নতুন করে উদ্বেগের জন্ম

দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন