ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র চেয়ারম্যানসহ বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার
বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেওয়া সিদ্ধান্তকে জোরালোভাবে স্বাগত জানিয়েছে
বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স,
বাংলাদেশ’ (এবিবি)। এই পদক্ষেপকে ব্যাংকিং খাতের বর্তমান অস্থিরতা নিরসনে
‘সময়োপযোগী ও বিচক্ষণ’ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি। এবিবি মনে করছে, এর ফলে
আমানতকারীসহ সকল অংশীজনের মধ্যে পুনরায় আস্থার পরিবেশ ফিরে আসবে।
এবিবির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন এই সিদ্ধান্তের প্রেক্ষিতে
নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি জানান, ইসলামী ব্যাংকের ইস্যুটি একটি
রাজনৈতিক রূপ নেওয়ায় গত ১০ জুন এবিবির পক্ষ থেকে গভর্নরের কাছে গভীর উদ্বেগ প্রকাশ
করা হয়েছিল। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংকের পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা
নয়, এর প্রভাব পুরো ব্যাংক খাতে পড়ছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে
দ্রুত সমাধান হওয়াটা খাতের জন্য জরুরি ছিল। সেই বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের এই
সিদ্ধান্তটি অত্যন্ত প্রশংসনীয়।’
এবিবি চেয়ারম্যান তার বার্তায় আরও উল্লেখ করেন যে, ইসলামী ব্যাংক কেবল একটি ব্যাংক
নয়; এর প্রায় ৩ কোটি গ্রাহক, বিপুল আমানত এবং দেশের বৃহত্তম রেমিট্যান্স নেটওয়ার্ক
জাতীয় অর্থনীতির স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। সাম্প্রতিক সময়ে ‘মব’ বা
গণ-আন্দোলনকেন্দ্রিক পরিস্থিতিতে ব্যাংকের পরিচালনা ও তারল্য সংকটের পাশাপাশি
বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় যে ফাটল ধরেছিল, কেন্দ্রীয় ব্যাংকের এই হস্তক্ষেপে
সেই উদ্বেগের অবসান ঘটবে বলে সংগঠনটি বিশ্বাস করে।
বিবৃতিতে এবিবি প্রত্যাশা ব্যক্ত করেছে যে, এই পরিবর্তনের ফলে ইসলামী ব্যাংকে
সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং একটি রাজনীতিমুক্ত সুস্থ ব্যাংকিং
পরিবেশ ফিরে আসবে। পাশাপাশি ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ে বড় ধরনের অগ্রগতি হবে বলেও
তারা আশাবাদী। এবিবি আরও সতর্ক করে দিয়ে বলেছে যে, ব্যাংকিং সেক্টরে ‘মব’ বা
বিশৃঙ্খলা একটি বড় বিপদ সংকেত, যা রোধ করা সরকারের উচ্চ মহলের একটি বিশেষ দায়িত্ব।
সঠিক পদক্ষেপের মাধ্যমে ব্যাংক খাতের শৃঙ্খলা বজায় রাখার ওপর সংগঠনটি বিশেষ
গুরুত্বারোপ করেছে।





